ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬-এ যোগ দিয়েছেন।
আজ শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চার দিনব্যাপী এ বৈশ্বিক সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনটি ২০ জুলাই পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের প্রেসিডেন্ট , থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিবও বক্তব্য রাখেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই গভর্ন্যান্স, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার জন্য এ সম্মেলনে সরকারপ্রধান, নীতিপ্রণেতা, প্রযুক্তি নেতা, গবেষক, উদ্ভাবক এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা একত্রিত হয়েছেন।
সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করবেন।