প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শাপলা চত্ত্বরে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
এ সময় বক্তারা বলেন, প্রকৌশলী অধিকার আন্দোলনের নামে স্বার্থান্বেষী মহল ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। তারা ডিপ্লোমা প্রকৌশলীদের ভবিষ্যৎ নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের দিনের আলোয় গুলি করে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমরা ডিপ্লোমা শিক্ষার্থীসহ প্রকৌশলীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।
পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবি প্রত্যাখ্যানের জন্য রাষ্ট্রপক্ষের কাছে দাবিও জানান ডিপ্লোমা শিক্ষার্থীরা।
এদিকে সড়ক অবরোধের কারণে জনসাধারণের দূর্ভোগ তৈরি হওয়ায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় দাবি আদায়ে সহযোগিতার আশ্বাস দিলে সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা।