প্রাথমিকভাবে পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেস—এ তিন ট্রেন রাতে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি দেবে। গতকাল বিকালে রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান আহমেদের ওপর হামলা ও হেনস্তার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা চার দফা দাবিতে রেললাইন অবরোধ করেন। এসব দাবির অন্যতম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন পুনরায় চালু করা। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে তিনটি ট্রেনের স্টপেজ দেয়ার আশ্বাস দিয়েছেন। খুব দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন প্রক্টর।’
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান আহমেদকে টিটিইর মারধর ও হেনস্তার অভিযোগে অভিযুক্তের শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে প্রায় ৮ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।