খুলনা সিটি করপোরেশন পরিচালিত বিভাগের সবচেয়ে বড় জোড়াগেট পশুর হাটে সাতদিনে ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি হয়েছে। এসব পশু বিক্রি থেকে করপোরেশনের রাজস্ব আয় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ২৩২ টাকা।
খুলনা সিটি করপোরেশনের আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুর হক জানান, এবার হাটে ৪ হাজার ৪৩৩টি গরু, ২ হাজার ২৭০টি ছাগল, ১৭৬টি ভেড়া ও একটি মহিষ বিক্রি হয়েছে। গত বছর একই হাটে সাতদিনে ৬ হাজার ৬৫১টি পশু বিক্রি হয়েছিল। তখন সিটি করপোরেশনের আয় হয়েছিল প্রায় ২ কোটি ৭ লাখ টাকা।
গত ২১ মে নগরের জোড়াগেটে সপ্তাহব্যাপী এ পশুর হাটের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ঈদের দিন সকাল পর্যন্ত হাটে কেনাবেচা চলেছে। ২০০৯ সাল থেকে ঈদুল আজহাকে কেন্দ্র করে নিজস্ব ব্যবস্থাপনায় এ হাটের আয়োজন করে আসছে খুলনা সিটি করপোরেশন।
খুলনা সিটি করপোরেশনের সুপারিনটেনডেন্ট ট্যাক্সেশন (বাজার) ও হাট পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শফিকুল হাসান দিদার বলেন, নগরে পশু রাখার জায়গার সংকট থাকায় অনেক ক্রেতা ঈদের এক-দুদিন আগে পশু কেনেন। ফলে হাটে মূল কেনাবেচা জমে ওঠে ঈদের আগের দুদিন ও ঈদের দিন সকাল পর্যন্ত।
তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে এ হাটে পশু এসেছে। এবারও চার শতাংশ হারে হাসিল আদায় করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।