সৌদি কর্তৃপক্ষ ফ্লাইট পরিচালনার অনুমোদন দিলে পুনরায় রিয়াদ রুটে ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। এ অবস্থায় যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের জন্য কাজ চলছে।
এ সময় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। যাত্রীরা জানান, লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালুর পর তারা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। তবে এ সেবার মান ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যাশা জানিয়েছেন তারা।
মন্ত্রী বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।