কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রাইসা খাতুন (৮) নামে এক স্কুলছাত্রীর মরদেহ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাইসা একই গ্রামের আকরাম সর্দ্দারের মেয়ে ও নওদা খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রাইসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। রাতে এলাকাবাসী বাড়ির পাশে ডোবায় ভাসমান অবস্থায় রাইসার মরদেহ দেখতে পান।
মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হবে। রিপোর্ট অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।