সীমান্ত হত্যা

বিএসএফের হাতে ১০ বছরে ঝরেছে ৩০৫ বাংলাদেশীর প্রাণ, আহত অন্তত ২৮২

সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু। দুই দেশের সীমান্তে প্রায়ই বাংলাদেশী নাগরিকদের হত্যার ঘটনা ঘটে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অধিকাংশ সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, যা সাম্প্রতিক সময়ে কিছুটা ভাটা পড়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গত ১০ বছরে সীমান্তে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশী নিহত এবং অন্তত ২৮২ জন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

সংস্থাটি বলছে, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ বছরে সীমান্তে বিএসএফের হাতে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশী নিহত এবং অন্তত ২৮২ জন আহত হয়েছেন। সীমান্তে বিএসএফের ২০২৪ সালে ৫৭টি হামলার ঘটনায় ২৬ জন বাংলাদেশী নিহত, ২৫ জন আহত, ৪৭ জন গুলিবিদ্ধ এবং ১৫৮ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে সীমান্তে ৯ জন বাংলাদেশীর মরদেহ পাওয়া গেছে, যাদের ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় নিহত হওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সীমান্তে বিএসএফের ১৫টি হামলার ঘটনায় ৪ জন বাংলাদেশী নিহত, ১০ জন আহত, ৫ জন গুলিবিদ্ধ ও ১৫ জন গ্রেফতার হয়েছেন। এ সময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় ৩ জন বাংলাদেশী নিহত হয়েছেন। এসব ঘটনা সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে একটি নাজুক পরিস্থিতি নির্দেশ করে।

বিবৃতিতে বলা হয়, সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু। দুই দেশের সীমান্তে প্রায়ই বাংলাদেশী নাগরিকদের হত্যার ঘটনা ঘটে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অধিকাংশ সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, যা সাম্প্রতিক সময়ে কিছুটা ভাটা পড়েছে। উভয় সরকারই সীমান্তে বেসামরিক জীবন রক্ষাকে অগ্রাধিকার দেয়ার কথা বলে আসছে। বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত হলেও এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

এ কারণে উভয় দেশের কর্তৃপক্ষকে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে গঠনমূলক সংলাপ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সীমান্তের হত্যাকাণ্ডের সংখ্যা প্রকৃতপক্ষে শূন্যে নিয়ে আসার বিষয়ে আহ্বান জানায় সংস্থাটি। সেই সঙ্গে সীমান্তে ঘটা প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদেরকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

আরও