মেহেরপুরে মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহত তপন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মজিবার রহমানের ছেলে।

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রাম সংলগ্ন মাঠ থেকে তপন হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কল্যাণপুর গ্রামের হাজীপাড়ার মাঠে অবস্থিত একটি পেঁপেক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহত তপন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মজিবার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে পেঁপেক্ষেতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানিয়েছে, শনিবার রাতে কে বা কারা ফোন করে তপন হোসেনকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও