হাড় কাপাঁনো শীতে কাঁথা গায়ে জড়িয়ে অনশনের প্রথম রাত পার করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় একজন শিক্ষার্থী শাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে আবারো অনশনে বসেছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে দেখা গেছে উপাচার্যের বাসভবনের সমানে পুলিশ অবস্থান করছে। তার সামনেই বসে ছিলেন অনশনরত শিক্ষার্থীরা।
গতকাল বুধবার দুপুর আড়াইটায় ২৪জন শিক্ষার্থী স্বেচ্ছায় আমরণ অনশনে বসেন। দুপুরে শিক্ষার্থীদের কটূক্তিমূলক ও কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে মানববন্ধন করলেও রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে যান শিক্ষক নেতারা। এসময় শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানালেও শিক্ষার্থীরা সেই প্রস্তাবে রাজি হননি।
প্রসঙ্গত, বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে গত রোববার শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালায়। প্রতিবাদে শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনে শুরু করেন তারা। ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। ওই দিনই জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষের সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলে অবস্থান করে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বর্তমানে এ আন্দোলন একদফা দাবিতে পরিণত হয়েছে। আজ ৮ম দিনের মত কর্মসূচী চলিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।