মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাসস্ট্যান্ড-সংলগ্ন ম্যাগনাম স্টিল মিলে মঙ্গলবার রাতে ক্রেনচাপায় মো. কালাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কামাল বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে কর্তৃপক্ষের অবহেলায় কালামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে গতকাল সকাল থেকে মিলটির প্রধান ফটকে অবস্থা নেন নিহতের স্বজনরা।
সরজমিনে স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত কালাম ম্যাগনাম স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাতে ডিউটি করার সময় ক্রেনচাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় আহত হন আরো কয়েকজন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এলেও মিল কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি। অভিযোগ উঠেছে আহতদের চিকিৎসায়ও গুরুত্ব দেয়নি মিল কর্তৃপক্ষ।
নিহত কালামের বড় বোন আসমা বেগম বলেন, এর আগেও এ মিলে কর্তৃপক্ষের অবহেলার কারণে অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত না করে তারা শ্রমিকদের কাজে নিয়োগ করেন। কালাম দরিদ্র মানুষ, তার তিন সন্তানের এখন কী হবে। উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিচারের দাবিতে তারা মিলের প্রধান ফটকে অবস্থান নিলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সঙ্গে
যোগাযোগ করা হয়নি। এমনকি তাদের ভেতরে প্রবেশের অনুমতি পর্যন্ত দেয়া হয়নি। নিহত কালামের ছেলে সিফাত হোসেন বলেন, তার বাবার মৃত্যুর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে মিল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হয়নি। এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে জানিয়ে দেয়া হয় মিল কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলবে না। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি (তদন্ত) মুক্তার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজন ও স্থানীয় লোকজন মিলের সামনে অবস্থানকালে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়।