ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ দুই যুবক

মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে তানভির (২০) ও কৌশিক (২০) নামের দুই যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর-রশিকপুরের স্লুইসগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ তানভির মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও মেহেরপুর পৌর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক আমদহ গ্রামের মহিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন বন্ধু মিলে রশিকপুর স্লুইসগেটে গোসল করতে যান। এ সময় অনেকে তাদের পানিতে নামতে নিষেধ করলেও তারা গুরুত্ব না দিয়ে নেমে পড়েন। একপর্যায়ে হঠাৎ কৌশিক ডুবে গেলে তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন তানভির। পরে তিনিও পানিতে তলিয়ে যান। স্থানীয়রা চেষ্টা করলেও তাদের খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় এবং তারা গিয়ে অভিযান শুরু করে। তবে বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা বলেন, ‘নদীতে পানি প্রবাহ অনেক বেশি থাকায় তারা ডুবে গেছে। আমরা চেষ্টা করেও তাদের কোনো সন্ধান পাইনি। এ কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছলে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে।’

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ডুবুরি দল খুলনা থেকে রওনা দিয়েছে, তারা পৌঁছলে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হবে।’

আরও