প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, সাইবার সুরক্ষা আইনে মামলায় মঙ্গলবার রাতে ঢাকায় তানভীরকে গ্রেফতার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ জুলাই নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেন তানভীর। এতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই পোস্ট নিয়ে সমালোচনা শুরু হলে তানভীর সেটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে এনসিপি থেকে অব্যাহতি দেয়া হয়।
এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে তানভীরের বিরুদ্ধে মামলা করেন।