পাটগ্রাম সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর উপপিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায়।

তারা হলেন বগুড়ার মহাস্থানগড় বকুলতলা এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২২) ও পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাফিজ হোসেনের ছেলে মাহফুজ ইসলাম ইমন (১৬)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয়রা জানায়, সাজেদুল ও ইমন ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তে ঘুরতে যান। এ সময় সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গেলে বিএসএফ সদস্যরা তাদের দুজনকে ধরে নিয়ে যান।

বিজিবি জানায়, এ ঘটনায় দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ হয়েছে। এছাড়া বিজিবির রংপুর সেক্টর কমান্ডার ভারতীয় বিএসএফ জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে সাজেদুল ও ইমনকে ফেরত আনার বিষয়ে যোগাযোগ করেছেন। পতাকা বৈঠকের আহ্বানও করা হয়েছে।

বিজিবির ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন জানান, বিএসএফকে বুড়িমারী চেকপোস্ট দিয়ে সাজেদুল ও ইমনকে ফেরত দেয়ার কথা বলা হয়েছে।

এর আগে গতকাল দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এর প্রতিবাদে বাংলাদেশের কয়েকজন কৃষক দুই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে পতাকা বৈঠকের পর দুই দেশের নাগরিকদের ফেরত দেয়া হয়েছে।

আরও