রাবিতে দুই শিক্ষককে সাময়িক অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের অভিযোগসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভায় উত্থাপিত সুপারিশ অনুযায়ী কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। সাময়িক অব্যাহতি পাওয়া দুই সহকারী অধ্যাপক হলেন সাজু সরদার ও তানজিল ভূঁঞা।

গতকাল রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের অভিযোগসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভায় উত্থাপিত সুপারিশ অনুযায়ী কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করেছে।

জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশে তাদেরকে বিভাগের সব কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে।

এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) শিক্ষার্থীদের অভিযোগ ও অন্যান্য প্রসঙ্গ তদন্তে সিন্ডিকেট সদস্য ও আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও