প্রতিশ্রুতির সর্বোচ্চ বাস্তবায়নের চেষ্টা করব —কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘মাত্র আমরা যাত্রা শুরু করলাম।

আমার জায়গা থেকে প্রতিশ্রুতির সর্বোচ্চ বাস্তবায়নের চেষ্টা করব। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং সেল গঠন করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

গতকাল দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘টাঙ্গাইলবাসী ভোট দিয়ে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। এ মাটির সন্তান হিসেবে আমি যাতে সফলভাবে অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘খাদ্য ও কৃষিতে সিন্ডিকেটের মাধ্যমে সৃষ্ট কৃত্রিম সংকট প্রতিরোধে তদারকি জোরদার করা হয়েছে। বাজার মনিটরিং ও নিয়মিত তদারকির মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব হবে।’

এর আগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনি,য় সভায় যোগ দেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে তিনি সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন ও মোনাজাত করেন।

আরও