রাজধানীর মিরপুরে দুটি বাসে আগুন লাগার পর বাড্ডা ইউলুপের কাছে একটি স্টাফ বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় মিরপুরের দুটি পৃথক এলাকায় বাসে আগুন লাগে। পরে যাত্রাবাড়ীতে একাধিক হাতবোমা বিস্ফোরণের খবর আসে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর বলেন, এটি একটি স্টাফ বাস ছিল। কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে।
এদিন সন্ধ্যায় মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
একই সময়ে মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নেভানো হয়। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
এর আগে শুক্রবারও রাজধানীর বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।