কক্সবাজারের সমাবেশে প্রধানমন্ত্রী

ট্যাক্স কমানোর বাজেটও বিরোধী দল মানে না

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিরোধী দল বলছে যে এ “গণবিরোধী” বাজেট তারা মানে না।’

কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রম শুরুর পর গতকাল সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘খবরের কাগজগুলোয় দেখলাম, এবারের বাজেটের পর এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বাড়েনি। কারণ, চাল, ডাল, তেল, নুনসহ সব প্রয়োজনীয় জিনিসের ওপর যে ট্যাক্স ছিল, বর্তমান সরকার ৬০টি পণ্যের ওপর থেকে তা তুলে নিয়েছে। এর উদ্দেশ্য ও লক্ষ্য একটাই, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।’

উপস্থিত জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে না। যে বাজেটে মদের দাম বাড়ানো হয়, যে বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সে বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন? তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, দেশের মধ্যে অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থনই আমাদের শক্তি। যতক্ষণ আমাদের প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত এ দেশ এবং এ দেশের মানুষের জন্য কাজ করে যাব। এ দেশই আমাদের প্রথম ঠিকানা। এ দেশই আমাদের শেষ ঠিকানা। সে জন্যই আমরা বলি—এ দেশকে গড়লে আমরাই ভালো থাকব, আমাদের সন্তানরা শান্তিতে থাকতে পারবে।’

ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে বৃক্ষ রোপণ

বিএনপি জনগণের জন্য রাজনীতি করে জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘বিএনপির সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। এ দেশকে যদি গড়তে না পারি, তাহলে আমাদের সন্তানরা দুঃখ-কষ্টে থাকবে। কেউ কি চায়, নিজের সন্তান কষ্টে থাকুক? কেউ আমরা চাই না। সে জন্যই আমরা একটি কথাই বলি—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান, স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ।

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের নবগঠিত পেকুয়া পৌরসভারও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে জনতার উদ্দেশে তিনি বলেন, ‘২৫ বছর আগে মরহুমা বেগম খালেদা জিয়া পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ তারই দল বিএনপি সরকার ফের এ পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এর মাধ্যমে একটি কথা বারবার প্রমাণিত হয় যে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন জনগণের জন্য কাজ করে, দেশের কল্যাণে কাজ করে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তারা পার্কের ভেতরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রী খুবই উচ্ছ্বসিত ছিলেন। প্রধানমন্ত্রী সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারাও রোপণ এবং স্মারক বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সবার কাছে আহ্বান জানাব, দয়া করে যার যেখানে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে এ বিষয়টি মাথায় রেখে সেটি করবেন।’ ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে গতকাল দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সরকারপ্রধান তারেক রহমান জনসাধারণের প্রতি এ আহ্বান জানান।

আরও