মানিকগঞ্জের সিংগাইরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধু রুনা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলের বউ রুনা ও তার মাকে (ছেলের শাশুড়ি) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী এলাকায় নিহতের নিজ বাড়ির সিন্দুকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হায়াতুন নেছা সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গি এলাকার মাহামুদ কাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও বউ একই সঙ্গে বসবাস করতেন। মাঝেমধ্যেই ছেলের বউ রুনা তার শাশুড়িকে না জানিয়ে বাড়ির বাইরে ঘুরতে বের হতেন। এ নিয়ে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রুনা তার শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করে সিন্দুকের ভেতরে লুকিয়ে রাখে। আজ সকালে রুনা বাড়ি থেকে তার নানীর বাড়ি চলে যায়। এদিকে বাড়িতে কোনো সাড়া শব্দ না পেয়ে স্বজনরা হায়াতুন নেছাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
রোববার সন্ধ্যায় রুনা তার মাকে নিয়ে শশুরবাড়িতে হাজির হলে আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসার একপর্যায়ে তাকে হত্যা করে মরদেহ সিন্দুকের ভেতর লুকিয়ে রেখেছে বলে জানায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ সিন্দুকের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, খবর আসা মাত্রই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ছেলের বউ রুনা ও তার মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হায়াতুন নেছাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।