একাদশ জাতীয় সংসদের ২১তম ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টা ১০ মিনিটে শুরু হয় এ অধিবেশন। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত রয়েছেন।
সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। পরে তার এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে।
অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। তারা হলেন, রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), একেএম শাজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), ইউসুফ আবদুল্লাহ হারুন (কুমিল্লা-৩), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬) ও সালমা চৌধুরী (মহিলা আসন-৩৪)। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।
রাষ্ট্রপতির ভাষণের আগে আইনমন্ত্রী আনিসুল হক ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২ (অধ্যাদেশ নং-১, ২০২২) উত্থাপন করেন। এরপর শোক প্রস্তাব আনা হয়।
এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।