ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদা‌নি শুরু

সাতক্ষীরায় ক‌মছে দাম

ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, গত আড়াই থেকে তিন বছর দেশে গম আমদানি বন্ধ ছিল। তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই আমদানি শুরু হয়।

ভোমরা বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। এতে সাতক্ষীরার পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে গমের দাম। এক মাসের ব্যবধানে পাইকারিতে মণপ্রতি ১২০ এবং খুচরায় কেজিতে ৪ টাকা পর্যন্ত দাম কমে গেছে। ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কৃষিজাত পণ্যটির দাম কমে আসছে।

ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, গত আড়াই থেকে তিন বছর দেশে গম আমদানি বন্ধ ছিল। তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই আমদানি শুরু হয়। এ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে ৩ কোটি ৩ লাখ টাকার ৭৫৩ টন গম আমদানি হয়েছে। তবে গত ২০২৫-২৬ অর্থবছর এ বন্দর দিয়ে কোনো গম আমদানি করা হয়নি।

ভোমরা স্থলবন্দরের কৃষিজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত গম রফতানি বন্ধ করে দেয়। এরপর ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় তিন বছর গম আমদানি বন্ধ ছিল। চলতি অর্থবছরে ভারত আবার গম রফতানি শুরু করেছে। ফলে ব্যবসায়ীরাও ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু করেছেন বলে জানান তিনি।

এদিকে গম কেনাবেচার সবচেয়ে বড় মোকাম সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার। এ বাজারের আটা উৎপাদন ও পাইকারি গম বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স মুকন্দ ফ্লাওয়ারের পরিচালক গোবিন্দ সাধু জানান, ভারতীয় গম আমদানি শুরু হওয়ার পর থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমেছে। এক মাস আগে পাইকারিতে যে গম ৩৯ টাকা কেজিতে বিক্রি করেছে, তা বর্তমানে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি মণে ১২০ টাকা পর্যন্ত দাম কমেছে। তাছাড়া খুচরা পর্যায়েও কেজিতে ৪ টাকা পর্যন্ত দাম কমেছে। খুচরা পর্যায়ে ৪২ টাকার গম এখন ৩৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

সাতক্ষীরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, যেকোনো পণ্যের সরবরাহ বাজারে বেড়ে গেলে দাম কমে। তবে দীর্ঘদিন ভারত থেকে আমদানি বন্ধ থাকায় গমের দাম কিছুটা বেশি ছিল।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৫০৫ হেক্টর জমিতে ১ হাজার ৬৮৬ টন গম উৎপাদন হয়েছে, যা স্থানীয় পর্যায়ে চাহিদার তুলনায় বেশ অল্প।

আরও