ডিসিসিআই-ডিএসসিসির মতবিনিময় সভা

৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স চান ব্যবসায়ীরা

প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়নের ঝামেলা কমাতে লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

একই সঙ্গে নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়া সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগের দাবি জানান তারা।

গতকাল রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইন-শৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবির কথা উঠে আসে।

ডিএসসিসি ও ডিসিসিআই যৌথভাবে এ সভার আয়োজন করে। একই অনুষ্ঠানে বিশেষ ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। সভায় ট্রেড লাইসেন্স নবায়ন ফি হ্রাস, অটোমেশনের মাধ্যমে হয়রানিমুক্ত সেবা, যানজট ও জলাবদ্ধতা নিরসন, অটোরিকশায় নিবন্ধন ও নম্বরপ্লেট চালু, ফুটপাত দখলমুক্ত করা এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিও জানানো হয়। আর ব্যবসায়ীদের এসব দাবি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সভায় ব্যবসায়ী নেতারা বলেন, ‘প্রতি বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র, বারবার অফিসে যাতায়াত এবং বিভিন্ন ধাপে সময়ক্ষেপণের কারণে ব্যবসায়ীদের সময় ও অর্থ ব্যয় হয়। এ ভোগান্তি কমাতে পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স চালুর পাশাপাশি পুরো প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনার দাবি জানান তারা।’

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘ট্রেড লাইসেন্স ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল। তবে নিবন্ধন ও নবায়নে তথ্যের ঘাটতি, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে অস্পষ্টতা, একাধিকবার অফিসে যাতায়াত এবং বিভিন্ন ধাপে সময়ক্ষেপণের কারণে উদ্যোক্তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।’ এ সমস্যা সমাধানে ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগ এবং একাধিক বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন তিনি।

ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা হচ্ছে। নির্ধারিত একদিনের মধ্যে সেবা দিতে কোনো কর্মকর্তা ব্যর্থ হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। ট্রেড লাইসেন্স সেবায় সাম্প্রতিক ধীরগতির একটি কারণ ছিল কিছু প্রতারকের নকল ট্রেড লাইসেন্স তৈরির ঘটনা। নকল লাইসেন্স তৈরি করে বিভিন্ন স্থান থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’

ট্রেড লাইসেন্সের ফি প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, ‘নতুন ট্রেড লাইসেন্স ও নবায়নের নির্ধারিত ফির সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন চার্জ যুক্ত রয়েছে। এসব চার্জ কমানো সম্ভব হলে ট্রেড লাইসেন্স ফিও কমানো সম্ভব হবে।’

ডিএসসিসির প্রশাসক জানান, করপোরেশনের আওতায় বর্তমানে প্রায় আড়াই লাখ ট্রেড লাইসেন্স রয়েছে। তবে এর আওতাধীন এলাকায় পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা আরো অনেক বেশি। তাই নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ এবং পুরনো লাইসেন্স সময়মতো নবায়নের মাধ্যমে বৈধভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ২৯৪ ধরনের ব্যবসার বিপরীতে প্রায় ২ লাখ ৪৬ হাজার ১৮০টি ট্রেড লাইসেন্স দেয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ডিএসসিসির রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ১৫০ কোটি টাকা। এ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীসহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

আরও