পদ্মায় পানি বেড়ে ফেরিঘাটে পন্টুনের আশপাশ নিমজ্জিত

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ভোগান্তির আশঙ্কা

পদ্মা সেতু চালু হওয়ার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে যাত্রীর চাপ কিছুটা কমেছে।

পদ্মা সেতু চালু হওয়ার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে যাত্রীর চাপ কিছুটা কমেছে। তবে ঈদে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। স্বাভাবিক সময়ে নৌ-রুট দিয়ে গড়ে প্রতিদিন ৭০০-৮০০ যানবাহন পার হলেও ঈদযাত্রায় প্রায় আড়াই হাজার যানবাহন পার হবে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের। তবে পদ্মার পানি বেড়ে যাওয়ায় দৌলতদিয়ার ৪ ও ৭ এবং পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে পন্টুনের আশপাশ পানিতে তলিয়ে আছে, যা ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা যাত্রী ও যানবাহনচালকদের।

তাদের দাবি, পদ্মায় পানি বাড়ায় দৌলতদিয়ার দুটি ও পাটুরিয়ার একটি ঘাটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় ভোগান্তির মূল কারণ হতে পারে এ নৌ-রুটের তিনটি ঘাট। যদিও ঘাট কর্তৃপক্ষ বলছে, তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পুলিশ বলছে, ঘাটে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, হঠাৎ করে পদ্মার পানি বেড়ে যাওয়ায় দৌলতদিয়ার ৪ ও ৭ এবং পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে পন্টুনের আশপাশ পানির নিচে তলিয়ে গেছে। পানির মধ্য দিয়ে যানবাহনগুলো পারাপার হচ্ছে।

রাবেয়া পরিবহনের চালক নুরুল ইসলাম বলেন, ‘ফেরি সংকট, পন্টুন ভাঙাসহ বিভিন্ন কারণে দুর্ভোগ থাকে সারা বছর। ঈদুল আজহার বেশি দিন বাকি নেই। এ অবস্থা থাকলে ঈদে যানবাহন পারাপার ব্যাহত হবে। এখন পদক্ষেপ না দিলে ভোগান্তির মূল কারণ হতে পারে এ ঘাট তিনটি।’

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঈদ উপলক্ষে নৌ-রুটে চলবে ১৮টি ফেরি ও ২০টি লঞ্চ। অবস্থা বুঝে নেয়া হবে ঘাট বাড়ানোর উদ্যোগ। ঈদের আগে ও পরে সাতদিন পচনশীল বাদে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাট পারাপারে অগ্রাধিকার পাবে পশুবাহী ট্রাক।’

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বণিক বার্তাকে বলেন, ‘ঘাট এলাকায় চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। চুরি-ছিনতাই বন্ধে থাকবে টহল পুলিশ। এছাড়া থাকবে জেলা পুলিশের বিশেষ নজরদারি। মানুষ যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। প্রতিটি কাউন্টারে ভাড়ার চার্ট টাঙানোর অনুরোধ করা হয়েছে।’

আরও