তীব্র শৈত্যপ্রবাহ ও ঠাণ্ডায় বিপর্যস্ত ঠাকুরগাঁও জেলার জনজীবন। আজ
শনিবার ( ২৭ জানুয়ারি) সকাল ৯ টায় এ জেলার তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।এ কারণে
ঠাকুরগাঁও জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা
১০ ডিগ্রির ওপরে না উঠা পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান স্বাক্ষরিত আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক
ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়, তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াসে না আসা পর্যন্ত জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বিগত ৪-৫ দিন ধরে প্রথমে মৃদু ও
পরে তীব্র শৈত্যপ্রবাহ চলছে এ জেলায়। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭-৯৮ শতাংশ।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান পৃথকভাবে জানান, তাপমাত্রা সর্বনিম্ন থাকায় শিক্ষার্থীদের
অসুবিধার কথা বিবেচনায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের
নিচে নেমে যাওয়ায় শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে জেলার প্রাথমিক ও মাধ্যমিক
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবারো বিদ্যালয়ের
পাঠদান কার্যক্রম শুরু হবে।