সিলেটে নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুর রাজ্জাক (৫৫) দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আবদুর রাজ্জাকের আত্মীয়রা জানান, আজ ফজরের নামাজ শেষে বাসার ছাদে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে।