প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির প্রো-ভিসি অধ্যাপক আবদুস সালাম

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এ পদক তুলে দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ৭ জুন জারি করা এক প্রজ্ঞাপনে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে অধ্যাপক ড. আবদুস সালামকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’-এর জন্য মনোনীত করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ড. আবদুস সালাম প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ুদূষণ, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করে আসছেন। তার গবেষণার মাধ্যমে বাংলাদেশের বায়ুদূষণের উৎস শনাক্তকরণ, বায়ুর মানোন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়।

দেশী-বিদেশী স্বনামধন্য জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং ১৫০টিরও বেশি স্নাতকোত্তর ও গবেষণা থিসিস তত্ত্বাবধান করেছেন।

জাতীয় পরিবেশ পদক অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ বছর পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

আরও