বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদীর তীর রক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অব্যাহত সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সরকারের পক্ষ থেকে এডিবির সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে আজ এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লার সাক্ষাৎ হয়। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
এডিবির নির্বাহী পরিচালককে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, টেকসই প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরো কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এডিবি-কে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও গবেষণায় এডিবির সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান তিনি।
এডিবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরো জোরদার এবং নতুন দেশভিত্তিক অংশীদারত্ব কৌশল প্রণয়নে কাজ করছে সংস্থাটি। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও নদীভাঙন প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
সাক্ষাতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মহা. এনামূল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।