মুসলিম উম্মাহর সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলায় আরো শক্তিশালী, আধুনিক ও গতিশীল ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) গঠনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১৭ অক্টোবর) ইরাকের বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বশান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে এবারের অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে ওআইসির সদস্য দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সংকট সমাধানে মুসলিম উম্মাহকে সম্মিলিত ও সক্রিয় উদ্যোগ নেয়ারও তাগিদ দেন তিনি।
মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনে সংলাপ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। একই সঙ্গে নারী ও শিশুসহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের নৃশংসতা বন্ধের আহ্বান জানান তিনি। ১৯৬৭ সালের সীমান্তভিত্তিক সমঝোতার আলোকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ইসলামবিদ্বেষের ক্রমবর্ধমান প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সমস্যা মোকাবেলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে মুসলিম উম্মাহর সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান হুমায়ুন কবির।