জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশ আপনার, আমার, আমাদের সকলের। এ দেশকে আমাদেরই রক্ষা করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। এ দেশের এক ইঞ্চি জায়গা, একটা বালুকণার উপরেও কাউকে পা রাখতে দেব না। প্রয়োজনে আমরা সবাই দেশপ্রেম ও ঈমানী শক্তি নিয়ে বিজিবির পাশে দাঁড়িয়ে যাব।
আজ শুক্রবার সকাল ১০টায় নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সীমান্ত ইস্যু, নেত্রকোনার নানা উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকের নানা প্রশ্নের জবাব দেন।
জামায়াত আমির বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংসদে একটি বিল এনেছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয়, নির্মূলের জোর দাবি জানাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মানে কিছুটা দাবিয়ে রাখা। আমরা তা চাই না, আমরা চাই সমাজ থেকে একেবারে নির্মূল করতে। মাদক লালন করে সমাজকে নষ্ট করা হচ্ছে।
তিনি আরো বলেন, সংসদে সেদিন একজন সদস্য বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে, উনি জানেন না কারা এর সঙ্গে জড়িত? আমরা দেখতে চাই, তার মন্ত্রণালয়ের দায়িত্বটা তিনি নিজ বাড়ি থেকেই শুরু করবেন।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে সরকারি দল ভালো কিছু করলে আমরা তার সমর্থন দেব। সরকারি দল ভুল করলে বিরোধী দল তা ধরিয়ে দেবে। সংসদে বিরোধী দল শুধু অন্ধের মত বিরোধীতা করবে না। তবে বিরোধী দলের কথা সরকারি দলকে মানতে হবে। যদি না মানে তাহলে বিরোধী দল সেখানে বাঘের মত গর্জন করবে।
নেত্রকোনা জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।
এ সময় আরো ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, নেত্রকোনা পৌর জামায়াতে নায়েবে আমির আবুল হোসেন তালুকদার।