নেত্রকোনায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

নেত্রকোনার পূর্বধলায় সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। শনিবার (২ মে) সকালে উপজেলার বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কালের ডহর গ্রামের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক (৫০) নিহত হন।

আহত অবস্থায় অন্য যাত্রীদের উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজন অজ্ঞাত যাত্রী মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

আরও