জামালপুর সদর উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিংগলহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো ওই এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে শুকরিয়া (৭) ও তার ভাই এরশাদ হোসেনের মেয়ে আতিয়া (৭)।
দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি ফসলের মাঠে দুই বোন খেলতে যায়। সেখানে একটি পুকুরও ছিল। দুই বোন খেলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।