লোডশেডিং মোকাবেলায় মার্কেটগুলোতে সৌরবিদ্যুৎ চান দোকান মালিকরা

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ সংকটের কারণে সরকারের ঘোষিত সময় অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। তবে অনেক এলাকায় সন্ধ্যা ৬টা থেকেই লোডশেডিং শুরু হচ্ছে।

বিদ্যুৎ সংকট ও লোডশেডিং মোকাবেলায় দেশের মার্কেট ও বিপণিবিতানগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সৌরবিদ্যুৎ স্থাপনে মার্কেটগুলোকে ২ শতাংশ সুদে পাঁচ থেকে সর্বোচ্চ সাত বছর মেয়াদে ঋণ দেয়াসহ ১০ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল রাজধানীর মগবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি জানায়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, সহসভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার ও হেজাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, আব্দুল মোতালেব রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দীন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ হারুন, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামসহ অন্য ব্যবসায়ী ও নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ সংকটের কারণে সরকারের ঘোষিত সময় অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। তবে অনেক এলাকায় সন্ধ্যা ৬টা থেকেই লোডশেডিং শুরু হচ্ছে। এতে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থনৈতিক সংকটে পড়েছেন। অনেক দোকান ও প্রতিষ্ঠানে কেনাবেচা কমে গেছে। এ পরিস্থিতিতে সমিতির তত্ত্বাবধানে দেশের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানানো হয়। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানানো হয়।

দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘পরিকল্পনাটি বাস্তবায়নে ইডকলের মাধ্যমে মার্কেট ও বিপণিবিতানগুলোকে ২ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদি ঋণ দিতে হবে। পাশাপাশি সৌর প্যানেলের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ বাধ্যতামূলক করা এবং নিম্নমানের প্যানেল ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘‌সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লাইসেন্সের আওতায় আনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার কথাও বলেছে সংগঠনটি। অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে তা সরকার নির্ধারিত মূল্যে কেনার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।’

এছাড়া প্রকল্প বাস্তবায়নে ইডকল, বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মধ্যে যৌথ চুক্তি, একটি নিয়ন্ত্রক বোর্ড গঠন এবং সংশ্লিষ্ট মার্কেটগুলোর সমস্যা পর্যালোচনার ব্যবস্থা করার দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে আগামী ছয় মাসের মধ্যে সৌরবিদ্যুৎ স্থাপন করে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সক্ষম মার্কেটগুলোর জন্য রাত ৮টার মধ্যে দোকান বন্ধের বাধ্যবাধকতা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। পাশাপাশি লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল হওয়ার অভিযোগ তুলে কোনো এলাকায় লোডশেডিং দেয়ার অন্তত একদিন আগে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

আরও