সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি নির্মূলের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত সময়ের নির্বাচনে ঘুষ ও দুর্নীতির বড় ধরনের বিস্তার হয়েছিল। অতীতে চাকরির ভয় দেখিয়ে অনৈতিক সুবিধার চাপ তৈরি করা হতো। তবে বর্তমানে আর্থিক বা অনৈতিক সুবিধা নেয়ার দিন শেষ হয়ে গেছে।

জনগণের অধিকার ফিরিয়ে দিতে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে।

আজ সোমবার দুপুর ১২টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত সময়ের নির্বাচনে ঘুষ ও দুর্নীতির বড় ধরনের বিস্তার হয়েছিল। অতীতে চাকরির ভয় দেখিয়ে অনৈতিক সুবিধার চাপ তৈরি করা হতো। তবে বর্তমানে আর্থিক বা অনৈতিক সুবিধা নেয়ার দিন শেষ হয়ে গেছে।

স্বাস্থ্য খাত সম্পর্কে তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাতকে বৈশ্বিক মানে পৌঁছে দিতে সরকার কাজ করছে। হাসপাতালে উন্নত খাবার সরবরাহ, ডাক্তার ও নার্সদের মানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখার কথা বলেন তিনি।

অতীতে ঠিকাদার, নার্স ও চিকিৎসকদের বদলি এবং পরিচালক পদে বিপুল অঙ্কের ঘুষ লেনদেনের অভিযোগের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, পুরো পরিস্থিতি দুর্নীতিতে ভরা ছিল। তবে বর্তমান সরকার এই অনিয়ম থেকে বেরিয়ে আসছে।

বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জেলাটিকে একটি মডেল হিসেবে গড়ে তোলার কথা বলেন। মাদক নির্মূলে সরকার কোনো ছাড় দেবে না উল্লেখ করে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকার তাগিদ দেন তিনি।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত, পুলিশ সুপার গোলাম সারোয়ার আলম, জেলা তথ্য অফিসার নূর হোসেন এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার রওশন আরিয়াসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও