সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে বুধবার (২১ মে) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্টের বিচারক পদ থেকে ২১ মে অপসারণ করেছেন।
২০২৪ সালের ১৬ অক্টোবর শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানসহ ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়।
খোন্দকার দিলীরুজ্জামান ২০১৮ সালের ৩১ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। ২০২০ সালের ৩০ মে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন।