গাইবান্ধার সিদ্দিকিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এসএসসি (দাখিল) পরীক্ষা চলাকালীন দায়িত্বে অবহেলা ও পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে কেন্দ্র সচিবসহ ২১ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসির (দাখিল) গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। সেখানে পাশাপাশি পরীক্ষার্থীদের এম সি কিউ (বহু নির্বাচনী) একই সেট কোডে বিশেষ সুবিধা দিয়ে পরীক্ষা নেয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান কেন্দ্র পরিদর্শন করে এর সত্যতা পান।
পরে পরীক্ষার্থীদের উত্তরপত্র যাচাই করে অভিযোগের সত্যতা মিললে, কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ শরিফ আবু ইউসুফসহ মোট ২১ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
এ সময় উত্তরপত্র যাচাই করে দেখা যায়, ৪৭ জন পরীক্ষার্থী নির্ধারিত সেট কোড অনুযায়ী নয়, বরং ভিন্ন কোডে এমসিকিউ অংশের উত্তর দিয়েছেন। পরে তাদের দিয়ে সঠিক সেট কোডে পুনরায় উত্তরপত্র পূরণ করানো হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব শরিফ আবু ইউসুফ বলেন, সব কক্ষের খবর রাখা আমার একার পক্ষে সম্ভব নয়। হয়তো কিছু শিক্ষক অসাধু কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান বৃহস্পতিবার রাতেই অভিযুক্তদের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র পর্যবেক্ষণ করে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।