শিশু আছিয়ার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়ি মাগুরায় গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে পৌঁছেন তিনি।
পরে স্থানীয় সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি।
তিনি আরো বলেন, ৯০ দিনের মধ্যে মামলার বিচার করে রায় কার্যকর দেখতে চাই। ৯১ দিন যেন পার না হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার, অফিস সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, যুব সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, মুহাম্মদপুর উপজেলা আমীর নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলী ও ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মো. জুবায়ের হোসেন।