রাজধানীর বাড্ডার একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার ভোরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন সাহিদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা (৩৫) এবং তাদের ১০ বছর বয়সী মেয়ে সাফা ও নয় বছরের ছেলে সাফিয়ান।
আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, সাহিদ হাসানের অবস্থা আশংকাজনক। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। যেকোনো সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হতে পারে। এছাড়া রেখার ৩০ শতাংশ, সাফিয়ানের ২৫ শতাংশ ও সাফার শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি। বর্তমানে চার জনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বণিক বার্তাকে জানান, বাড্ডা ৪২ নম্বর ওয়ার্ডের একটি আবাসিক ভবনের তৃতীয় তলার বাসার রান্নাঘর থেকে রাত ৩টা ৪০ মিনিটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ বিস্ফোরণে দেয়াল ধ্বসে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ভোর ৪টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় আশেপাশের কোনো ভবনে ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।