বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগের অত্যাচারী ও জালিম নেতাদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনো দল চায় না। কারণ দেশে রাজনৈতিক সংস্কার ও বিচার প্রতিষ্ঠার কথা সবচেয়ে আগে বলেছে বিএনপি। এ দেশে যত নির্যাতন, জুলুম ও দমন-পীড়ন হয়েছে, তার বড় অংশটাই বিএনপির নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, কিছু দল আবদার করছে, পিআর (প্রতিনিধিত্ব) ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে, সুষ্ঠু ভোট হলে ১০টি আসনও পাবে না। তাই তারা নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ কখনো বেগম খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেনি, তারেক রহমানকেও নয়, বিএনপির নেতাকর্মীদেরও নয়। ২০২৬ সালের নির্বাচনে জনগণের গণজোয়ার সৃষ্টি হবে। বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে, ধানের শীষের জোয়ার ঠেকানো যাবে না।
বিগত সরকারের মিথ্যা মামলা ও দমন-পীড়নের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আমাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমার বিরুদ্ধেও ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ৩টি খুনের। তবুও আমরা আমাদের দল ও আদর্শ থেকে একদিনের জন্যও বিচ্যুত হইনি।
শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।