স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি। মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে চায় দলটি।
গতকাল সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বিএনপি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে। কোনো ধর্ম বা বিশেষ গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করার ইচ্ছা দলটির নেই।’ এ সময় ধর্মকে পুঁজি করে ভোটের রাজনীতি বন্ধ করে জনগণের জন্য রাজনীতি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের আগে জামায়াত নেতারা বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। দুর্গোৎসবের সময় পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন, মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন। কিন্তু এবার দুর্গা পূজায় তাদের কোনো পূজামণ্ডপে দেখা যায়নি।’
তিনি বলেন, ‘সরকার সংসদে ও সংসদের বাইরে বিরোধী দলের কথা শুনছে এবং তাদের মূল্যায়ন করছে।’
বাকস্বাধীনতার পাশাপাশি বক্তব্যের শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে দেশের জনগণ তা ভালোভাবে নেবে না। জনগণ বিরোধী দলের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করে।’
জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে।’ তিনি বলেন, ‘এক্ষেত্রে সরকারকে সময় দেয়া উচিত। অথচ সংসদের বাইরে গিয়ে তারা “তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে” স্লোগান দিয়ে লংমার্চ করছে।’
জুলাই সনদ বাস্তবায়নসহ যেসব বিষয়ে বিরোধী দলের বক্তব্য রয়েছে, সেসব বিষয়ে সংসদে এসে আলোচনা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।