গাজীপুরে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত

লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রি, দুই প্রতিষ্ঠানে ৮ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানম ও সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই গাজীপুরের উপপরিচালক ও অফিসপ্রধান এস. এম. তালাত মাহমুদ, সহকারী পরিচালক (মেট) কাউসার আলী এবং সহকারী পরিচালক (সিএম) সাইদুর রহমান।

গাজীপুরে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়াই পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদন এবং বিক্রয়-বিতরণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) সাইদুর রহমান জানান, অভিযানে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার কৃষিপণ্য ফিডস লিমিটেডের বিরুদ্ধে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড বিক্রয়-বিতরণের প্রমাণ পাওয়ায় ‘বিএসটিআই আইন, ২০১৮’ এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

একই অভিযানে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেডের বিরুদ্ধে একই অভিযোগের প্রমাণ পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানম ও সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই গাজীপুরের উপপরিচালক ও অফিসপ্রধান এস. এম. তালাত মাহমুদ, সহকারী পরিচালক (মেট) কাউসার আলী এবং সহকারী পরিচালক (সিএম) সাইদুর রহমান।

অভিযানের আরো উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার (সিএম) খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক (মেট) প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী।

বিএসটিআই জানায়, ভোক্তাস্বার্থ রক্ষা, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও