চাঁদপুরে বিকাশের টাকা আত্মসাতের চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাটির নিচে পুঁতে রাখা ৯ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ উদ্ধার করা টাকার সঙ্গে গ্রেফতার হওয়া দুই ব্যক্তির জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন— বিকাশের এসআর মো. রাব্বি (২২) ও তার সহযোগী ফরহাদ হোসেন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মেসার্স দিবা এন্টারপ্রাইজ নামের বিকাশ লিমিটেডের এক পরিবেশকের অধীনে ডিএসও হিসেবে কাজ করতেন মো. রাব্বি। গত ৫ ফেব্রুয়ারি সকালে তিনি চাঁদপুর পৌরসভার ওয়ান মিনিট এলাকার ঢাকা ব্যাংক শাখা থেকে অফিসের সুপারভাইজারের মাধ্যমে ৯ লাখ টাকা উত্তোলন করেন। এ টাকা সদর উপজেলার বিভিন্ন এজেন্টদের মধ্যে বিতরণের কথা থাকলেও তিনি টাকা নিয়ে আত্মগোপনে চলে যান। পরে তিনি অফিসকে ফোন করে নিজেকে অপহরণ করা হয়েছে বলে নাটক সাজান।
বিষয়টি জানাজানি হলে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তদন্তে পুলিশ রাব্বিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপহরণ ও হামলার বিষয়টি সাজানো বলে স্বীকার করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল রাব্বির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের মাটি খুঁড়ে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক কালাম গাজী ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা গিয়ে এসব টাকা উদ্ধার করেন। এ ঘটনায় সহযোগী হিসেবে ফরহাদ হোসেনকে পুলিশ ধরে আনে।
এ বিষয়ে আজ মঙ্গলবার চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ জানান, অভিযুক্তরা বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকার দায়িত্বে থেকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের চেষ্টা করেছিলেন। উদ্ধার করা টাকা জব্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।