সুন্দরবন থেকে ২৮ কেজি হরিণের মাংসসহ ইয়াসিন গাজি (২৭) নামের এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মংলা। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে সুন্দরবন-সংলগ্ন নলিয়ায়ের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মাংসসহ তাকে আটক করা হয়। ইয়াসিন গাজি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাংসসহ এক শিকারিকে আটক করা হয়েছে। পরে তাকে ও জব্দ হরিণের মাংস হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার বিকালে বনের শিবসা নদীতে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস ও শিকারে ব্যবহৃত ৮০টি ফাঁদ জব্দ এবং ৫ শিকারিকে আটক করে কোস্ট গার্ড।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধ করে সুন্দরবনকে রঙিন রাখতে কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।