গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও তার ছেলেসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আসামিরা হলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তার ছেলে মো. নিশান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন মণ্ডল, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আইনুল হক, আজিজুল হক, জামিনুর রহমান, মোমিনুল ইসলাম, আজিজার রহমান ও সাজেদুর রহমান সবুজ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বেলা ২টার দিকে নবাবগঞ্জ উপজেলার তপনঘাট এলাকায় আওয়ামী লীগ অফিসে গোপন মিটিং হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধীদের মিছিলে সাবেক এমপি শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের নির্দেশে ককটেল, ধারালো হাঁসুয়া, লোহার রড, চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।
এ ঘটনায় চলতি বছরের ৮ জানুয়ারি নবাবগঞ্জ উপজেলার তপনঘাট গ্রামের স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় গত ১৮ মে আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করলে আদালত নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তারা দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আট সপ্তাহের জামিন মঞ্জুর করা হয়। বুধবার জামিনের মেয়াদের শেষ দিনে আসামিরা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।