ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াতের ক্ষেত্রে হয়রানি বা বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার (৫ জুন) ঢাকার সায়েদাবাদ টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, সীমাবদ্ধতার পরও ঈদযাত্রা ভালো হচ্ছে। মানুষের ঈদযাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। বাস ভাড়ার ব্যাপারে একটু বিচ্যুতির খবর পাচ্ছি- এক জায়গায় ১০০ টাকা ভাড়া বেশি নেয়া হচ্ছিল, ফেরত দেয়া হয়েছে। তাকে জরিমানা করা হয়েছে।
এ সময় ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী লাল-সবুজ পরিবহনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন ফাওজুল কবির। পরে লাল-সবুজ পরিবহনের সায়েদাবাদ টার্মিনালের হুজুরবাড়ি গেইট কাউন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ফাওজুল কবির বলেন, আমরা বড় ধরনের অভিযোগ পাইনি। যাত্রীরা বাড়ি যেতে পারছেন, সীমাবদ্ধতা তো আছে। কাউকে তো একবারে আটকে ফেলা যাবে না। তখন আবার বলা হবে মানবিক হতে। একটু মানবিক সবাইকে হতে হবে। বেশি ভাড়ার বিষয়ে ঢালাও অভিযোগ না দিয়ে সুর্নিদিষ্ট তথ্য পেলেই আমরা ব্যবস্থা নেব, ব্যবস্থা নিচ্ছি।