গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হলে ডিসেম্বরে তফসিল। এর আগে গণভোট করার কোন বাস্তবতা নেই। আমরা মনে করি, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে পারে। তবে অবশ্যই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।
রোববার (৯ নভেম্বর) বিকালে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেয়া নিয়ে কাজ করছে। আগামীতে যদি জাতীয় প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হয়, দেশের বৃহত্তর স্বার্থে, দেশের ভবিষ্যতের জন্য আমরা সেটি বিবেচনা করব।
বক্তব্য দেয়ার সময় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী মো. সরুজ্জামান সরকারের নাম ঘোষণা করেন তিনি।
দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. সরুজ্জামান সরকার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফারুক হোসাইন, সদস্য শহিদুল ইসলাম ও হানিফ খান সজিব, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান, গণঅধিকার পরিষদের উপজেলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি, নজরুল ইসলাম মাস্টার।