উৎকোচ গ্রহণের অভিযোগে বিআইডব্লিউটিএ'র দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের অভিযোগে ওই বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, আইডব্লিউটিএ-এর নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রহিম ও উপপরিচালক মো. ওবায়দুল করিম খান।

বুধবার বিআইডব্লিউটিএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআইডব্লিউটিএর নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের সংক্রান্ত একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের নির্দেশে ওই দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এতে আরো বলা হয়, এ ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জড়িত অন্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

আরও