নড়াইল সদর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি (৩৫)-কে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ রবিউলকে আটক করে। আটক রবিউল ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হয়। একপর্যায়ে স্বজনরা খোঁজাখুঁজির সময় অভিযুক্ত রবিউলের ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। পরিবারের অভিযোগ, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে রবিউল।
এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীদের মধ্যে চরম ক্ষোভের বিস্ফোরণ ঘটে। এরপর মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় রবিউলকে দেখতে পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বিচার ও ফাঁসির দাবিতে স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল শুরু করেছে।
পুলিশে জানিয়েছে, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলার অবনতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, আটক রবিউলকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।