প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট মার্কসবাদী-লেনিনবাদী তাত্ত্বিক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের কবরে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বদরুদ্দীন উমর। আজ সকাল সাড়ে ৮টার দিকে জুরাইন কবরস্থানে মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিমের নেতৃত্বে সমবেত হন বাঙলাদেশ লেখক শিবিরের সহ-সভাপতি মুঈনুদ্দীন আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতা আবদুস সামাদ ও রফিক আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, সাধারণ সম্পাদক সৌরভ রায় ও ঢাকা নগর সম্পাদক মোহাম্মদ বোরহান।
মুক্তি কাউন্সিলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, এসময় উপস্থিত নেতৃবৃন্দ ‘দুনিয়ার মজদুর এক হও’, ‘কমরেড বদরুদ্দীন উমর, লও লও লাল সালাম’ প্রভৃতি শ্লোগান দেন।
এছাড়া মাসিক সংস্কৃতি পত্রিকার পক্ষ থেকে হাসিবুর রহমান ও মুঈনুদ্দীন আহমদ, বাঙ্গালা গবেষণার পক্ষে প্রকাশক আফজালুল বাসার পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিকে আজ বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে কমরেড বদরুদ্দীন উমরের উপর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।