গতকাল সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান। পরে সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেখানে অনিয়ম পেলে তাদের সতর্ক করেন ও নির্দেশনা দেন জেলা প্রাশাসক।
বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও আব্দুল হালিম খান।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ আসছিল। জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া গাজীপুরে যোগদান করার পর থেকেই আকস্মিক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শুরু করেন। সোমবার সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেয়াসহ একাধিক অভিযোগ পান। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘কাশিমপুর ভূমি অফিসে যারা কাজ করছেন, তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের নানা অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে নথিপত্র ও বিভিন্ন মামলা পরীক্ষা করে তহসিলদারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কিন্তু তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। প্রয়োজনীয় কাগজপত্রও দেখাতে পারেননি। এমনকি নামজারি সফটওয়্যারের কার্যক্রমও দেখাতে ব্যর্থ হন। প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, অনলাইনে সম্পন্ন হওয়ার কথা থাকলেও নামজারির কাজ তিনি নিজে না করে বাইরের লোক দিয়ে করাচ্ছেন। এটি অত্যন্ত গুরুতর অনিয়ম। মানুষের জমিজমা ও সম্পত্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় কোনোভাবেই বহিরাগতদের মাধ্যমে পরিচালিত হতে পারে না।’
তিনি বলেন, ‘পরিদর্শনে দেখা গেছে অফিসের দুজন কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারাও কাজের সঠিক হিসাব দিতে পারেননি। বিপুলসংখ্যক আবেদন ও কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ মিলেছে। এসব বিষয় প্রাথমিক পরিদর্শনে আমাদের নজরে আসায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।’