মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার একটি বাড়ি থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এসব ত্রাণসামগ্রী সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে তার ফুপাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ত্রাণের মধ্যে রয়েছে ক্রীড়াসামগ্রী, সেলাই মেশিন, হুইলচেয়ার, চিকিৎসকের অ্যাপ্রোন, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও শিক্ষার্থীদের টিফিন বক্স। প্রতিটি পণ্যের গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান জানান, উদ্ধার করা পণ্যগুলো প্রথমে পুলিশ হেফাজতে রাখা হয়। পরে সেগুলো নিয়ে যাওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ে।
বাড়ির মালিক সুরমান আলী জানান, এক বছর আগে দোতলা বাড়ির নিচতলার তিনটি কক্ষসহ ডাইনিং রুম বাড়া নেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ফুপাতো ভাই সাজাহান সিরাজ দোলন। মাসে ভাড়া দিতেন ৬ হাজার টাকা। এখানে সরকারি সব পণ্য রাখতেন তিনি। মাঝেমধ্যেই এখান থেকে সেগুলো বের করে নিয়ে যেতেন। এর বেশি কিছু তিনি জানেন না।