জামালপুরের মেলান্দহ উপজেলায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি গ্রামের মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের ৮ মাস বয়সী মেয়ে রিফা এবং মেলান্দহ উপজেলার সাহজাদপুর গ্রামের শওকত আলী (৪০)।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় জামালপুরগামী একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা মোরশেদ ও তার স্ত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তাদের মেয়ে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। এছাড়া, মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেয়ার পথে আঘাতের কারণে মৃত্যুবরণ করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হাসান বাসস’কে জানান, মরদেহগুলো উদ্ধার এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে।